রানীশংকৈলে সারের সঙ্কটে বিক্ষোভ : মারধরে আহত কৃষি কর্মকর্তা
Printed Edition
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সারের সঙ্কটকে কেন্দ্র করে বিক্ষুব্ধ কৃষকদের হামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। পরে তাকে প্রথমে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, চলতি রবি মৌসুমে গম, ভুট্টা, আলু ও সরিষার চাষ বেড়ে যাওয়ায় এলাকায় সারের চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরবরাহ কম থাকায় কৃষকরা দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে রয়েছেন। মঙ্গলবার সার বিতরণের সময় আকতারুল ইসলামের সাথে কয়েকজন কৃষকের বাগি¦তণ্ডা হয়। এমন সময় তিনটি ভ্যানে করে পাঁচ কৃষকের ৩৩ বস্তা সার নিয়ে যেতে দেখে অন্য কৃষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
সার নিতে আসা কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে পর্যাপ্ত সার নেই অথচ কিছু ব্যক্তি বেশী পরিমাণে সার পাচ্ছেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেনের তত্ত্বাবধানে সার বিতরণ চলাকালে একপর্যায়ে উত্তেজিত কৃষকরা আকতারুলের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এতে তার একটি দাঁত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয় কয়েকজন জানান, সার সঙ্কট ও অগোছালো বিতরণ ব্যবস্থার কারণেই এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে মারধর করেনি। ভিড়, উত্তেজনা ও অভিযোগের জটিলতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উপজেলা কৃষি কর্মকর্তা মো: শহীদুল ইসলাম বলেন, ঘটনা অনাকাক্সিক্ষত। আহত কর্মকর্তা চিকিৎসাধীন রয়েছেন। তার মতামত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। রানীশংকৈল থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।