যুবককে পিটিয়ে হত্যা, শাস্তির দাবিতে মানববন্ধন

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাজু আহমেদ (৩৮) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এতে আরো তিনজন আহত হন। নিহত রাজু খামার পরিচালনা করতেন এবং আগে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্তদের শাস্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ভাঙা শর্টগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার রাতে রাজুর ফুফাতো ভাই ইয়ামিনের সাথে স্থানীয় নুরুল ও জাকিরের তর্ক হয়। রাজু মীমাংসা করতে গেলে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। বাধা দিলে রাজুর মা ও বোনকেও মারধর করা হয়। গুরুতর আহত রাজুকে মুন্সীগঞ্জ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত শাহাদাত দাবি করেন, পারিবারিক বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে এবং তিনি তখন নারায়ণগঞ্জে ছিলেন। শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জানান, রাজু পদধারী ছিলেন না, কেবল সমর্থক ছিলেন। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।