খালেদা জিয়া ছিলেন বলেই দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল : রিজভী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল।
গতকাল রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রদর্শনীটি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা আয়োজন করেছে। এ প্রদর্শনী চলবে আরো দুই দিন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে সে বিদ্যুৎ প্লান্টটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদের সময় প্রকল্পটি বাংলাদেশের রামপালেও বাস্তবায়ন করার হয়েছে। তবে এ ধরনের দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো সম্ভব হয়নি বলেই তাকে জেলে ঢোকানো হয়েছে। চিকিৎসা না দিয়ে তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে এখনো কয়লা এবং গ্যাস রয়েছে সেগুলো কুক্ষিগত করার জন্য আঞ্চলিক মহাশক্তি ও বৈশ্বিক মহাশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় সংগঠনটির উপদেষ্টা ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক করোতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, সভাপতি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদ উপস্থিত ছিলেন।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার উপদেষ্টা আতিকুর রহমান রুমন বলেন, এ সামান্য কয়েকটা ছবি দিয়ে বেগম খালেদা জিয়ার জীবনী সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়। তরুণরা বেগম খালেদা জিয়া সম্পর্কে জানতে চায়। আমরা আরো বড় পরিসরে দেশের বিভিন্ন জেলায় তার রাষ্ট্র পরিচালনা, আন্দোলন-সংগ্রাম ও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করব।
অনুষ্ঠানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার সিনিয়র সহসভাপতি আদনান আজাদ, সহসভাপতি জুলফিকার হোসাইন সোহাগ, কেএম রাশেদ হোসাইন ও ফেরদৌস মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম ও গোলাম রাব্বী সোহাগ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, দফতর সম্পাদক হুমায়ুন কবির, সহসাংগঠনিক সম্পাদক রামিম হাসান, প্রচার সম্পাদক জাহিন তালুকদার, প্রকাশনা সম্পাদক টিনা খানম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, নাট্যবিষয়ক সম্পাদক বিভান বাদল, সমাজসেবা সম্পাদক আজাদ আহমেদ, আইনবিষয়ক সম্পাদক নিশাদ তামান্না জামান ও অরণ্য পাশা-সহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।