গাজীপুর-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাঠে থাকবেন
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরী। বিএনপি গাজীপুর-৪ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা না করলে তিনি কোনো অবস্থাতেই প্রার্থীতা থেকে সরে দাঁড়াবেন না বলে ঘোষণা দেন। গতকাল শনিবার গাজীপুর মহানগরীর হাবিবুল্লাহ স্মরণীর ইকবাল কুঠিরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ২০২৪ এ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণা।
নিজের পরিচয় তুলে ধরে প্রফেসর ড. হাসেম চৌধুরী বলেন, তিনি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও জিএস এবং ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডিধারী। দীর্ঘ অধ্যাপনা শেষে জন্মভূমির টানে তিনি কাপাসিয়ায় ফিরে এসেছেন। দলীয় অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তিনি বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। তবে জনগণের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং ভোটাররা তাকে বেছে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।