ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
Printed Edition
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চারজন পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো: জাকির হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- সাবেক মেস ম্যানেজার মো: আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আরিফ মাহমুদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো: আল মামুন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো: রেজাউল করিম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) কাজী রাজিউল জামান, কনস্টেবল মো: আতিউর রহমান, কনস্টেবল মো: সাইফুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, অফিস সহকারী মো: তৌফিক এলাহী, গুদামদার মো: জহির উদ্দিন এবং বিক্রয় সহকারী সৈয়দ জসিম উদ্দিন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পুলিশ রেশন সেন্টার, পুলিশ লাইন্স ঝালকাঠিতে ২০১৩ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ২৫২টি ভুয়া রেশন কার্ড সৃজন করে রেশন সামগ্রী উত্তোলনের মাধ্যমে মোট তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।
দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো: জাকির হোসেন জানান, অভিযুক্তরা সরকারি দায়িত্বে নিয়োজিত থেকে জাল-জালিয়াতির মাধ্যমে প্রতারণাপূর্ণভাবে রেশন সামগ্রী উত্তোলন করে অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।