পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের কারণে হিলি স্থলবন্দর বন্ধ

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠানের কারণে আজ বৃহস্পতিবার হিলি স্থলবন্দর বন্ধ থাকবে। তবে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো: ফেরদৌস রহমান জানান, বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একই সাথে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করারও সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকায় আগামী শনিবার থেকে পুনরায় পণ্য আমদানি-রফতানি শুরু হবে। এ দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো: আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।