ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের যুবক

Printed Edition

ময়মনসিংহ অফিস

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিহত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়নের পুটিজানা গ্রামের বাসিন্দা মো: আব্দুর রহিম (২৫)। তিনি ওই গ্রামের মো: আজিজুল হকের ছেলে এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে কয়েক বছর আগে সিঙ্গাপুরে পাড়ি জমান আব্দুর রহিম। পরে ২০২৪ সালে বিভিন্ন মাধ্যমে রাশিয়ায় যান এবং সেখানে একটি তেল ও গ্যাস কোম্পানিতে কাজ শুরু করেন। প্রায় এক মাস আগে তিনি চুক্তিভিত্তিকভাবে রাশিয়ান সামরিক বাহিনীতে যোগ দেন।

গত ৪ মে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর পক্ষে লড়াই করার সময় গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর গত রোববার (১০ মে) তার মৃত্যুর সংবাদ পরিবারের কাছে পৌঁছায়।

নিহতের ছোট ভাই আব্দুর রহমান জানান, পরিবারকে না জানিয়েই আব্দুর রহিম সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। শুরুতে নিয়মিত যোগাযোগ থাকলেও পরে ফোন ও ভিডিও কল বন্ধ করে শুধু ভয়েস মেসেজে সীমিত যোগাযোগ রাখতেন। সর্বশেষ গত ২৮ এপ্রিল পরিবারের সাথে তার কথা হয়। এরপর সহযোদ্ধা ও পরিচিতদের মাধ্যমে ১০ মে রাতে মৃত্যুর খবর নিশ্চিত হয়। সংসারের অভাব-অনটন দূর করতে বিদেশে গিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ায় এই করুণ পরিণতিতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা তার বাড়িতে ভিড় করছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

নিহতের পরিবার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভবিষ্যতে যেন আর কোনো বাংলাদেশী যুবক বিদেশে কর্মসংস্থানের আড়ালে এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়তে না হয়।