জুলাই গণ-অভ্যুত্থানের বিচার মানবতাবিরোধী অপরাধ
শেখ হাসিনা ও ১২ সেনাকর্মকর্তার বিচার শুরু
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জেআইসিতে (জয়েন্ট ইন্টারোগেশন সেল) গুম ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সূচনা বক্তব্য উপস্থাপনসহ স্যাগ্রহণের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত এই মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: মোহিতুল হক এনাম চৌধুরী। আদেশের সময় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এ দিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ মামলায় গ্রেফতার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
পলাতক ১০ আসামির পাঁচজনই ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিভিন্ন মেয়াদে। এর মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব:) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব:) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব:) হামিদুল হক। বাকিরা হলেন শেখ হাসিনার প্রতিরা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব:) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব:) মখছুরুল হক।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেয়ার দিন ধার্য ছিল ১৪ ডিসেম্বর। তবে সে দিন কোনো আদেশ না দিয়ে গতকালের তারিখ ঠিক করেন ট্রাইব্যুনাল। যদিও ওই দিন এ মামলায় গ্রেফতার তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
গত ৯ নভেম্বর গ্রেফতার তিন আসামির অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। চারটি কারণ (গ্রাউন্ড) দেখিয়ে অব্যাহতি চান তিনি। বেআইনি আটক, অপহরণ, নির্যাতন; এই তিনটি কারণ বিবেচনায় নেয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল। আরেকটি কারণ হলো গুম রাখা। দুলুর শুনানি শেষে পলাতক আসামিদের পে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী হাসান ইমাম, আমির হোসেনসহ অন্যরা।
এ মামলায় পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে জেআইসি সেলে সরকারবিরোধী ঘরানার লোকদের কীভাবে তুলে নিয়ে গুম রেখে নির্যাতন করা হতো, সে সবের ভয়াবহ বর্ণনা দেন তিনি। একই সাথে ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ২৬ জনের বীভৎসতা সামনে আনেন। শুনানি শেষে ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর।
এর আগে, ২৩ নভেম্বর পলাতকদের পে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল। স্বেচ্ছায় লড়তে চাইলে শেখ হাসিনার আইনজীবী হন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তবে শারীরিক অসুস্থতা দেখিয়ে ৩ ডিসেম্বর তা প্রত্যাহার করলে মো: আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়। গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা এ মামলার তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক আসামিদের হাজিরের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। ৮ অক্টোবর এ মামলায় ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে পরোয়ানা : চব্বিশের জুলাই-আগস্টে উসকানি-ষড়যন্ত্র, প্ররোচনার মাধ্যমে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ দিন সকালে এই সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে এ নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ ছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়।
ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।