মার্কিন তুলা ও ফাইবারভিত্তিক পোশাকের জন্য শুল্কমুক্ত সুবিধা চায় বিটিএমএ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
মার্কিন তুলা ও ম্যান-মেইড ফাইবার (এমএমএফ) ব্যবহার করে বাংলাদেশে উৎপাদিত তৈরী পোশাকের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের সুবিধা কার্যকর হলে বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে, একই সাথে যুক্তরাষ্ট্র থেকে তুলা ও ম্যান-মেইড ফাইবার আমদানিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএর গুলশান কার্যালয়ে সংগঠনটির নেতারা এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিটিএমএর নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল।
বৈঠকে বিটিএমএ সভাপতি বাংলাদেশের প্রাথমিক টেক্সটাইল শিল্পের টেকসই উন্নয়ন, বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী সময়ে শিল্পের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় বিটিএমএর বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক (আরএমজি) খাত বাংলাদেশের প্রধান ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় বিটিএমএ নেতারা বলেন, এ ধরনের সুবিধা কার্যকর হলে বাংলাদেশী রফতানিকারকরা আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাতে পারবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে তুলা ও ম্যান-মেইড ফাইবার আমদানির পরিমাণও বাড়বে, যা উভয় দেশের জন্য পারস্পরিকভাবে লাভজনক হবে।
তবে সম্ভাব্য বাণিজ্য চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিল্প উদ্যোক্তারা। তারা বলছেন, চুক্তি স্বাক্ষরের পরও যদি দ্রুত বাস্তবায়ন না হয়, তাহলে শিল্পখাতে অনিশ্চয়তা তৈরি হবে। এ কারণে সঙ্গঠনটি বাণিজ্য চুক্তির ধারা ৫.৩-এর দ্রুত বাস্তবায়ন, সংশ্লিষ্ট ‘রুলস অব অরিজিন’ চূড়ান্তকরণ এবং প্রয়োজনীয় নীতিগত স্পষ্টতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের বর্তমান অবস্থা, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি, বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে জানতে চান। এ সময় বিটিএমএ নেতারা বাংলাদেশের টেক্সটাইল খাতের সাম্প্রতিক পরিস্থিতি, বিনিয়োগের সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
আলোচনায় সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন, মার্কিন তুলা ও ম্যান-মেইড ফাইবার ব্যবহার করে উৎপাদিত বাংলাদেশী টেক্সটাইল ও পোশাকপণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে অধিকতর প্রবেশাধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে বিটিএমএর পরিচালক চৌধুরী মো: হানিফ হোসেন, প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, মির্জা আহমেদ ইস্পাহানি ও জুবায়ের হায়দার উপস্থিত ছিলেন। এ ছাড়া বিটিএমএর সাবেক পরিচালক মো: মাসুদ রানা এবং প্রকৌশলী রাজীব হায়দারও অংশ নেন।