বাহুবলে প্রাণিসম্পদ কর্মকর্তার ঋণ প্রতারণার অভিযোগ

Printed Edition

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সরকারি পশু ঋণ ও চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারণা চক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। এ চক্রের মূল হোতা হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে কর্মরত এক সিইএ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দফতরের নাম ও পরিচয় ব্যবহার করে তিনি অসহায় নারী ও বেকার যুবকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে লাখ টাকা আত্মসাৎ করছেন। এ ঘটনায় বাহুবল সদর ইউনিয়নের ভেড়াখাল গ্রামের সাফিয়া বেগম (স্বামী সাহাব উদ্দিন) বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, প্রাণিসম্পদ দফতরের সিইএ পদে কর্মরত হাবিবুল বাশার মুরাদ (৩২) প্রায় আট মাস আগে বিনা সুদে গরু কেনার জন্য ভুক্তভোগী সাফিয়া বেগমকে (স্বামী সাহাব উদ্দিন) পাঁচ লাখ টাকা ঋণ পাইয়ে দেয়ার আশ্বাস দেন। সেই হিসাবে তিনি ‘অফিস খরচ’ দেখিয়ে দুইটি ঋণের কথা বলে সাক্ষীদের উপস্থিতিতে মোট ৮০ হাজার টাকা নেন। কিন্তু প্রতিশ্রুত সময় পার হলেও কোনো ঋণ পাইয়ে দিতে না পেরে এখন তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন।

স্থানীয় সূত্র জানায়, একই কৌশলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ২০-২৫ জনের কাছ থেকে এই কর্মকর্তা টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগীরা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অর্থ উদ্ধারের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত হাবিবুল বাশার মুরাদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন।