ইমরান খানের সাথে দেখা করলেন বোন উজমা খান

Printed Edition
Int-4
ইমরান খানের সাথে দেখা করলেন বোন উজমা খান

জিয়ো নিউজ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে কারাগারে দেখা করেছেন তার বোন উজমা খান। এর আগে উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে তিনি কারাগারের ভেতরে গিয়ে ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে পারবেন। এরপর তিনি কারাগারে ভাইয়ের সাথে দেখা করে এসে সাংবাদিকদের জানান যে, ইমরান খান সুস্থ আছেন।

এদিকে, আলিমা অন্য বোনদের নিয়ে ফ্যাক্টরি নাকা এলাকায় গেছেন যেখানে পুলিশ আগেই আদিয়ালা কারাগারের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। সেখানে নারী পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় এবং চলাচল নিয়ন্ত্রণে অ্যান্টি-রায়ট ব্যারিকেড বসানো হয়। রাস্তা বন্ধ থাকলেও আলিমা ও তার বোনেরা হেঁটে কারাগারের দিকে যাত্রা শুরু করেন। তবে গোরখপুর চেকপোস্টে গিয়ে তাদের আর এগোতে দেয়া হয়নি।

অনুমতি পাওয়ার পর উজমা আদিয়ালা কারাগারের উদ্দেশে রওনা দেন। তিনি বলেন, অবশেষে সাক্ষাতের অনুমতি পেয়ে তিনি খুশি এবং কারাগার থেকে ফিরে গণমাধ্যমের সাথে কথা বলবেন। আদিয়ালা কারাগার এলাকা এখন উচ্চ সতর্কতায় রয়েছে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে কারাগার রোডে পাঁচটি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। জেলা পুলিশের ১২টি থানার সদস্য, নারী পুলিশ এবং ৭০০-এর বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়, যাদের কাছে অ্যান্টি-রায়ট সরঞ্জামও আছে। কঠোর তল্লাশির পরই শুধু যানবাহনকে অগ্রসর হতে দেয়া হয়।