ঢাবি ভিসির পদে আলোচনায় ৫ নাম

Printed Edition
3rd-2
ঢাবি ভিসির পদে আলোচনায় ৫ নাম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করায় শীর্ষ এই পদে নতুন নিয়োগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। গত রোববার তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সরকার পদত্যাগপত্র গ্রহণ করলে দ্রুতই নতুন ভিসি নিয়োগ দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শিক্ষক সমাজ ও নীতিনির্ধারণী মহলে নানা আলোচনা চলছে। আলোচনায় থাকা সম্ভাব্য পাঁচজন জ্যেষ্ঠ শিক্ষক রয়েছেন।

জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে আলোচনায় আছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো: লুৎফর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান।

অধ্যাপক ড. মামুন আহমেদ বর্তমানে প্রোভিসি (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষক অধিকার আন্দোলনে সক্রিয় এ শিক্ষক অতীতে চাকরিচ্যুত হয়ে আদালতের নির্দেশে পুনর্বহাল হন।

অন্য দিকে অধ্যাপক মো: লুৎফর রহমান বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি এবং ঢাবি শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি। অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বর্তমানে কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান সাদা দলের আহ্বায়ক ও ইউট্যাবের মহাসচিব এবং বিএনপির নির্বাহী কমিটির গণশিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার পদত্যাগপত্র গ্রহণের পরই নতুন ভিসি নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থিতিশীলতা ও অ্যাকাডেমিক ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুতই এই নিয়োগ সম্পন্ন হতে পারে।