ঢাবিতে বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্বর্ণপদক ও বৃত্তি প্রদান
Printed Edition
বাসস
রোকেয়া দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, ৩৭তম বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্মারক বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠান। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রোকেয়া হল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তি তুলে দেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে ‘রোকেয়ার সময়’ শীর্ষক স্মারক বক্তৃতা করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভিসি ও টিআইবি চেয়ারপারসন অধ্যাপক ড. পারভীন হাসান।
আলোচনায় অংশ নেন রোকেয়া হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম এবং অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের বর্তমান ও সাবেক প্রাধ্যক্ষ, অ্যালামনাই, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, নারী শিক্ষায় তার অবদান চিরস্মরণীয়। স্বর্ণপদক ও বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা বেগম রোকেয়ার উত্তরসূরি।