হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি
Printed Edition
শহীদ শরিফ ওসমান হাদির শাহাদতের সর্বোচ্চ মর্যাদা কামনায় ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত শনিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদ শরিফ ওসমান বিন হাদির জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, হাদি চেয়েছেন সমাজ ও রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে। শহীদ হাদি ছিলেন স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এক আপসহীন বীর। তার বীরত্বের কাছে হেরে গেছে আধিপত্যবাদ আর আগ্রাসন গোষ্ঠী। তারা হাদিকে হত্যা করে নিজেদের ভয় ও পরাজয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এক আপসহীন বীর। যারা শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শহীদ করেছে তারা ভুল করেছে। কত বড় ভুল করেছে তারা শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা দেখে আশা করি বুঝতে পেরেছে। তিনি বলেন, তারা যদি মনে করে একজন জুলাই যোদ্ধাকে হত্যা করে বাংলাদেশের আগামী দিনের সম্ভবনার ধারাকে পরিবর্তন করে দেয়া যাবে তাহলে তারা নিঃসন্দেহ তারা বোকার স্বর্গে বাস করছে।
বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের প্রত্যেককে শহীদ হতে হয়েছে। শহীদ কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলীসহ ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মীকে হত্যার মাধ্যমে শহীদ করা হয়েছিল। তাদের একমাত্র অপরাধ ছিল তারা আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, আধিপত্যবাদকে স্বাধীন বাংলাদেশে দাদাগিরি করার সুযোগ দেয়নি।
ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, আগ্রাসন বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের এক প্রতিবাদী কণ্ঠসরের নাম হলো শহীদ শরিফ ওসমান বিন হাদি। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং টেন্ডারবাজদের বিরুদ্ধে এক সাহসী সেনা নায়কের নাম হাদি। তিনি ইনসাফের কথা বলতেন। তিনি দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার কথা বলতেন, তিনি সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখতেন।
ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী মাস্টার মিজানুর রহমান বলেন, স্বাধীনতা উত্তর ৫৪ বছরে যারা ঠাকুরগাঁও থেকে এমপি ও মন্ত্রী হয়েছিলেন তারা কেউ ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করেনি। তা নাহলে আমাদের এই জেলা এতটা অবহেলিত থাকতো না। আগামী দিনে আমরাই ঠাকুরগাঁওয়ের উন্নয়ন করব ইনশাআল্লাহ।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ইনসাফের জন্য লড়াই করতে হয়। কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয় এবং কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়।
ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামে ভাইস চেয়ারম্যান আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বেলাল হোসাইন, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা কর্মপরিষদ সদস্য শাহজালাল জুয়েল, ঠাকুরগাঁও চিরন্তন সংগঠনের সভাপতি সুজন আলী প্রমুখ। সভা শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদতের সর্বোচ্চ মর্যাদা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।