চুয়াডাঙ্গা দর্শনা রেলবাজার সড়ক অবরোধ
Printed Edition
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দোকান মালিক সমিতির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গার-দর্শনা রেলবাজারে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত রেলবাজার এলাকার সব দোকানপাট বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হয়। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা অবরোধে দর্শনা রেলবাজার এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে দোকান মালিক সমিতির কার্যালয়ে অবস্থান নেয়।
পরে দর্শনা থানার ওসি মেহেদী হাসান আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আশ্বাস
দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন।
ব্যবসায়ীরা জানান, বিচার সালিশ চলাকালে শুক্রবার বিকেলে সন্ত্রাসীরা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
এর আগে শুক্রবার বিকেলে দর্শনা রেলবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। দোকান মালিক সমিতির দাবি, এ সময় কার্যালয় থেকে নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। ওসি মেহেদী হাসান বলেন, উভয়পক্ষের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।