রূপগঞ্জে চুরির অপবাদে ৩ নারীর মাথার চুল কর্তন

Printed Edition

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির অভিযোগ এনে তিন নারীকে বেঁধে নির্যাতন ও মাথার চুল কেটে দেয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুরে উপজেলার ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেয়া হয়।

আটক তিন নারী হলেন- কুমিল্লার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানার দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার এবং বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন।

অভিযুক্ত নারীরা জানান, বাসা ভাড়া নেয়ার জন্য তারা সেই বাড়িতে যান। পরে তাদের মিথ্যা অভিযোগে আটক করে লাঞ্ছিত করে গাছের সাথে বেঁধে মারধর করে চুল কেটে দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে রূপগঞ্জের পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, চুরির কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কাউকে বেঁধে মারধর করা বা মাথার চুল কেটে দেয়া দণ্ডনীয় অপরাধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।