চার জেলায় নিহত ৬

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় ছয়জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কে দুর্ঘটনায় ঝরে গেল দুই তরুণ প্রাণ। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নারুই এলাকায় এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলা শ্রীরামপুর ইউপির মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬), শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো: রাব্বি (৩২)। আহতরা হলেন, ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রিমন। বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারুই ব্রিজের সামনে দু’টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। একটি মোটরসাইকেলে দু’জন, আরেকটিতে তিনজন আরোহী ছিটকে পড়েন। পরে তাদেরকে এলাকার লোকজন জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সফিকুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত এবং দু’জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশনন্দী ফেরিঘাট-আড়াইহাজার সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বি.বাড়িয়া জেলার নবীনগর উপজেলার ওয়ারুক গ্রামের বাসিন্দা। আহত দু’জনসহ তিনজনই সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে সিএনজিটি বিশনন্দী ফেরিঘাটের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন আড়াইহাজারের দিকে যাচ্ছিল। এ সময় নসিমনটি বেপরোয়াভাবে এসে সিএনজিকে ধাক্কা দিলে সেটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং দু’জন আহত হন।

দুর্ঘটনার পরপরই নসিমনের চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বরিশাল ব্যুরো জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানার কাশিপুর বাজারের পোস্ট অফিসের সামনে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে কাশিপুর চৌমাথা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের (বরিশাল মেট্রো-ট ১১-০২৩১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক মো: আব্দুস সাত্তার গুরুতর আহত হন।

উন্নত চিকিৎসার জন্য স্থানীয়রা তাকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, দিনাজপুর থেকে তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে খুলনার পাইকগাছার দুই তরমুজচাষি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী শাল্লা এলাকার মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ভিলেজ পাইকগাছার মো: হানেফ মোড়ল (৫৬) ও সোলাদানার বেতবুনিয়া গ্রামের মো: শরিফুল সানা (৪৫) নিহতরা এক অপরের আপন ভায়রা-ভাই। প্রতি বছরের ন্যায় চলতি মৌসুমেও তারা দু’জন শ্বশুর বাড়ি গড়ইখালীর পাতড়াবুনিয়া-আমিরপুর এলাকায় তরমুজের আবাদ করেন। সেই উৎপাদিত তরমুজ বিক্রি করতে তারা দিনাজপুর গিয়েছিলেন।

বাসস জানায়, চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া বাইপাস ইন্দ্রপুল গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহন নামের পর্যটকবাহী একটি বাস কক্সবাজার যাওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা এভারগ্রিন পরিবহন নামের আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। হাইওয়ে পুলিশের সদস্যরা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।