জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

Printed Edition

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন প্রথমত নির্ভর করে জনগণের ওপর। এরপর অংশগ্রহণকারী রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী। তাই দেশের জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কেউ বাধা দিয়ে নির্বাচন আটকে রাখতে পারবে না। নির্বাচন সুষ্ঠু ও ভালোভাবেই হয়ে যাবে।

গতকাল বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পাঁচটি বিদ্যালয়ের নতুন ভবন ও ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে সহাবস্থানে থাকে তাহলে সেটি আরো ভালো হবে।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় মূলহোতা গ্রেফতারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, মূল আসামি গ্রেফতার হয়নি সত্যি। তবে তার সাহায্যকারী গ্রেফতারসহ ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে।

এ সময় তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি কিন্তু জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা, একজন ভালো বক্তাও।

কৃষি প্রসঙ্গে তিনি বলেন, চলতি মৌসুমে আলু চাষে অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। তারপরও তারা আবার আলু রোপণে এগিয়ে এসেছেন। সরকার তাদের জন্য প্রণোদনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আলুতে লোকসান হলেও এ বছর ধানের ভালো ফলন হয়েছে।

এ সময় বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো: মেনহাজুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সিরাজদিখান কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা অ্যাকাডেমিক ভবন, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান অ্যাকাডেমিক ভবনের উপর দ্বিতীয় ও তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অ্যাকাডেমিক ভবন ও রাজদিয়া আব্দুল জাব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।