কলম্বিয়ার সামনে এশিয়ার উজবেকিস্তান
Printed Edition
ক্রীড়া ডেস্ক
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও উজবেকিস্তান। এর প্রথমবারের মতো ল্যাটিন আমেরিকার দেশটির মোকাবেলার করবে মধ্য এশিয়ার দেশ। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর থেকে বেশ কয়েকবার অল্পের জন্য সুযোগ হাতছাড়া হলেও অবশেষে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে দেশটি। ‘হোয়াইট উলভস’ নামে পরিচিত উজবেকদের অভিষেক বিশ্বকাপ হলেও সপ্তম বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠের লড়াইয়ে নামবে দুই দল। সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম ও অভিজ্ঞতার বিচারে কলম্বিয়া এই ম্যাচে স্পষ্ট ফেবারিট। তবে প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে পা রাখলেও লাতিন আমেরিকার চতুর্থ বৃহত্তম দেশটিকে ছেড়ে কথা বলবে না উজবেকিস্তানও।
বিশ্বকাপের ২৩তম আসরে খেলার জন্য দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। দলটির আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন লুইস দিয়াজ ও জেমস রদ্রিগেজ। গত কোপা আমেরিকা ফাইনালে পৌঁছালেও আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপের সন্তুষ্ট থাকতে হয়েছিল দলটিকে। তবে বিশ্বকাপে দেশটির এখন পর্যন্ত সেরা পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়ার আশা করছে এবার, যা এসেছিল ১২ বছর আগে ২০১৪ সালে। সেখানে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে বিদায় নিয়েছিল।
লস কাফেতেরোসরা ২০১৪ ও ২০১৮ শেষ ষোলোতে খেললেও ২০২২ সালের কাতার বিশ্বকাপের টিকিট পায়নি। এবার কনমেবল বাছাইপর্বে ব্রাজিলের মতো দলকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে সহজেই টিকিট নিশ্চিত করেছে কলম্বিয়া। এই দীর্ঘ প্রক্রিয়ায় একমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই তাদের চেয়ে বেশি গোল করেছে। ফিফা র্যাংকিংয়ে ১৩তম স্থানে থাকা নেস্তর লরেঞ্জোর দল মার্চ মাসের আন্তর্জাতিক প্রীতিম্যাচে ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে হারলেও চলতি মাসের শুরুতে দু’টি প্রস্তুতি ম্যাচে জয়লাভ করে। কোস্টা রিকার বিপক্ষে ৩-১ গোলে এবং জর্দানকে ২-০ গোলে হারিয়ে আরো গতি সঞ্চার করে দক্ষিণ আমেরিকার দলটি।
কলম্বিয়ার আক্রমণভাগে আছেন লুইস সুয়ারেজ, লুইস দিয়াজ ও অভিজ্ঞ অধিনায়ক রদ্রিগেজ। কনমেবল বাছাইপর্বে দিয়াজের চেয়ে বেশি গোল করেছেন কেবল মেসি। কিন্তু সাতটি অ্যাসিস্ট করে তালিকায় শীর্ষে ছিলেন রদ্রিগেজ। আর সুয়ারেজ গত মৌসুমে স্পোর্টিং লিসবনের হয়ে ৩৮টি গোল করলেও আন্তর্জাতিক পর্যায়ে এখনো নিজের ছাপ ফেলতে পারেননি। এ দিকে জেফারসন লেরমা ও বেনফিকার রিচার্ড রিওস সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন।
খেলোয়াড়ি জীবনে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ক্যানাভারো উজবেকিস্তানের দায়িত্ব নেয়ার পর থেকে সাধারণত ঝুঁকিহীন ৩-৪-২-১ ফরমেশন বেছে নিয়েছেন। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আবদুকোদির খুসানভ। ম্যানচেস্টার সিটির এই সেন্টার-ব্যাক ছাড়াও দলে আছেন ‘হোয়াইট উলভস’-এর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সাবেক রোমা ফরোয়ার্ড এলদর শোমুরোদভ।
২০২৩ সালে এশিয়ার সেরা তরুণ খেলোয়াড় হিসেবে মনোনীত ফায়জুল্লায়েভ বিশ্বকাপ বাছাইপর্বে চারটি গোল করেন। অন্যদিকে অধিনায়ক শোমুরোদভ পাঁচবার জালে বল জড়ানোর পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেন। অভিজ্ঞ মিডফিল্ডার জালালুদ্দিন মাশারিপভ পিঠের চোটের কারণে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে খেলতে না পারার সম্ভাবনা রয়েছে, তবে বাকি খেলোয়াড়রা সম্পূর্ণ সুস্থ আছেন।
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে উজবেকিস্তান কখনো মোকাবেলা করেনি কলম্বিয়ার। ফলে আসন্ন ম্যাচটি একটি সম্পূর্ণ নতুন লড়াই হতে চলেছে, যেখানে তাদের মধ্যে কোনো পূর্ব মুখোমুখি রেকর্ড নেই।