গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্টে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে পরিচালিত বিশেষ টাস্কফোর্স অভিযানে একজনকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শাহ আলম নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেন। এ সময় সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব রায়সহ পুলিশের সদস্য এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেন বলেন, ‘জাফলং জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মাধ্যমে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের ঝটিকা টাস্কফোর্স অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।