মদিনা ইসলামী ভার্সিটির কালচারাল ফেস্টিভ্যালে মাওলানা মামুনুল হক

Printed Edition
3rd-3
মদিনা ইসলামী ইউনিভার্সিটিতে বাংলাদেশ স্টল পরিদর্শন করেন মাওলানা মামুনুল হক : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের মদিনা ইসলামী ইউনিভার্সিটিতে আয়োজিত সপ্তাহব্যাপী আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যাল পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। গত সোমবার তিনি বিশ্বের ৯০টিরও অধিক দেশের বৈচিত্র্যময় এই সাংস্কৃতিক মিলনমেলা ঘুরে দেখেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের নিজ নিজ দেশের কৃষ্টি ও সংস্কৃতি উপস্থাপনের এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। ফেস্টিভ্যালে স্থাপিত ‘বাংলাদেশ স্টল’ পরিদর্শনকালে মাওলানা মামুনুল হক শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘এটি একটি অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয় আয়োজন। পৃথিবীর বিভিন্ন জাতি ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক আদান-প্রদানের এটি একটি অনন্য মাধ্যম। বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও নিদর্শনগুলো বিশ্বদরবারে তুলে ধরেছেন, যা সত্যিই গর্বের।’

মাওলানা মামুনুল হক আরো বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মদিনা ইসলামী ইউনিভার্সিটির এই আয়োজন বিশ্ব মুসলিম উম্মাহ ও বিভিন্ন জাতির মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে বিশেষ অবদান রাখবে।

উল্লেখ্য, মদিনা ইসলামী ইউনিভার্সিটির এই ফেস্টিভ্যালে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা তাদের নিজস্ব পোশাক, খাবার এবং লোকজ ঐতিহ্য প্রদর্শন করেন। এবারের আয়োজনেও বাংলাদেশের স্টলটি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতুহল ও প্রশংসা কুড়িয়েছে।