গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন

Printed Edition

ঢাবি প্রতিনিধি

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো: সাদিক মুনওয়ার মুনেম। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি এই কর্মসূচি শুরু করেন। তার সাথে সংহতি জানিয়ে আরো বেশ কয়েকজন শিক্ষার্থী অনশনে যোগ দিয়েছেন।

অনশন শুরুর আগে সাদিক মুনওয়ার মুনেম সামাজিক যোগাযোগমাধ্যমে তার দাবিগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার করা হয়েছিল, সরকারের বর্তমান কর্মকাণ্ডে তা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’ আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো- গণভোট নিয়ে ‘নাটকীয়তা’ বন্ধ করে সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সংসদে উত্থাপন ও বাস্তবায়ন করা। গুম প্রতিরোধ ও প্রতিকারসহ জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে পাস করা। ‘জুলাই সনদে’ উল্লিখিত বিষয়গুলো বাস্তবায়নে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা।

সাদিক মুনওয়ার আরো বলেন, জাতিকে আবারো গুম, খুন ও দুর্নীতির পথে ঠেলে দেয়ার অপচেষ্টা মেনে নেয়া যায় না। জুলাই বিপ্লবের চেতনা ও জনগণের রায় রক্ষায় তিনি এই কঠোর কর্মসূচি বেছে নিয়েছেন। দেশে যেন আর কোনোভাবে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরে না আসে, সে জন্য ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেয়ার আহ্বান জানান তিনি।

অনশনরত শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের অঙ্গীকার রক্ষায় দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে এই আন্দোলনে যুক্ত হওয়ার এবং নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।