ইরানের বিশ্বকাপ নিয়ে মাথাব্যথা নেই ট্রাম্পের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আগামী জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় বসছে ফুটবলের মেগা আসর বিশ্বকাপ। আসন্ন আসরসহ টানা চারবার মেগা আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার কারণে বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে ইরানের। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে কি না, সেটা তিনি ‘পাত্তা দিচ্ছেন না।’

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আর মাত্র তিন মাস পর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে ট্রাম্প ‘পলিটিকো’কে বলেন, ‘আমি সত্যিই পাত্তা দিচ্ছি না, ইরান খেলার সুযোগ পাচ্ছে কি না! আমি মনে করি, ইরান এখন পরাজিত দেশ। তারা প্রায় শক্তিহীন হয়ে গেছে।’

বিশ্বকাপে গ্রুপ ‘জি’তে থাকা ইরান ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। ২১ জুন একই ভেনুতে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার পর ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মিসর।