কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ

নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে

Printed Edition

কক্সবাজার অফিস

সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের এটি বড় আকাক্সক্ষা। শহীদদের রক্তের আকাক্সক্ষা, নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে।

গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন এবং সরকার সবাইকে মিলে।

সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ নির্বাচনী মাঠে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার এবং নির্বাচনে জনগণের মুক্ত এবং স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ ঘোষিত তফসিলে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে কক্সবাজার আসেন। শুক্রবার দুপুরে ঢাকা থেকে বিমানে তিনি কক্সবাজার পৌঁছান। পরে সেখান থেকে শহরের নুনিয়ারছড়ার স্থানীয় একটি মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন। এরপর সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশুপুত্র রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। এরপর মরহুমের বাসায় গিয়ে তার স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কক্সবাজার-১ ও ২ আসনের জন্য দিন ধার্য ছিল। এতে কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দেয়া পাঁচ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা অবৈধ ঘোষিত হয়েছে। এই নির্বাচনে আসনটিতে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এসব প্রার্থীরা হলেন- বিএনপির সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক ও গণ অধিকার পরিষদের আব্দুল কাদের।