চট্টগ্রামের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, উন্নত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় ফটিকছড়ি গড়তে গণমানুষের ঐক্যের বিকল্প নেই। ন্যায় ও সুবিচারের প্রতীক দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব উল্লেখ করে তিনি বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গীকার হলো শান্তি প্রতিষ্ঠা, সমাজে নৈতিকতা ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার নিশ্চিত করা।

গত সোমবার রাতে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম নগরে বসবাসরত ফটিকছড়িবাসীর উদ্যোগে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবীণ আলেমে দ্বীন অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট ইসমাইল গণি, এজাহার মিয়া ও মো: শহিদুল্লাহ তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আমির আলাউদ্দীন সিকদার, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সাবেক অতিরিক্ত সচিব গোলাম হোসেন, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আবদুল মোমেন ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার।

সমাবেশে আরো বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব গোলাম মাওলা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইউসুফ, বিভিন্ন ছাত্রশিবির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সমাজসেবী শওকত হোসেন, বৌদ্ধধর্মীয় নেতা অধ্যক্ষ সুপ্রিয় মহাতেরো বড়ভান্ত, বৌদ্ধ কল্যাণ সমিতির সভাপতি সজল বড়ুয়া, শিক্ষক সাধন চন্দ্র বড়ুয়া এবং স্থানীয় জামায়াত ও হেফাজত নেতারা।

সমাবেশে চট্টগ্রাম শহরের বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও ফটিকছড়ির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা ফটিকছড়ির সার্বিক অগ্রগতি, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও আগামী নির্বাচনী কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।