লিজার সাথে একই মঞ্চে মুগ্ধতা ছড়ালেন মিতালীও
Printed Edition
বিনোদন প্রতিবেদক
স্টেজ শোর এই মৌসুমে যদিও দেশজুড়ে প্রতিনিয়ত অনেক স্টেজ শো হওয়ার কথা; কিন্তু সেই তুলনায় সারা দেশজুড়ে স্টেজ শোর সংখ্যা আনুপাতিক হারে খুব কম। তবে গত বছরের তুলনায় এই বছর শিল্পীরা টুকটাক শো করছেন। আবার মাঝে মধ্যে কিছু শো হঠাৎ করে বাতিলও হয়ে যাচ্ছে। এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা এরই মধ্যে বেশ কিছু স্টেজ শোতে পারফর্ম করেছেন। গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন তিনি। সর্বশেষ তিনি গত শুক্রবার সিলেটের বিমানবন্দর রোডে অবস্থিত ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ আয়োজিত এক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। যথারীতি লিজা তার কণ্ঠের মৌলিক গান গাওয়ার পাশাপাশি দর্শকের অনুরোধের গানও গেয়েছেন। তবে লিজা মঞ্চে উঠে গাওয়ার আগে সিলেটের স্থানীয় শিল্পী মিতালী দাসও গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। মিতালী শুরুতে কয়েকটি আধুনিক গান গাওয়ার পর মরমী কবি হাছন রাজা, বাউল সম্র্রাট শাহ আব্দুল করিম ও ধামাইল গানের প্রবর্তক লোককবি, সাধক কবি রাধা রমন দত্তের গানও পরিবেশন করেন। লিজা বলেন, ‘ভীষণ ভালো লাগল সিলেটে এবার এসে। সত্যি বলতে কী, সিলেট এলে আমার সবসময়ই ভীষণ ভালোলাগে। তবে আরেকটু সময় নিয়ে আসলে ভালো হতো। কারণ শো শেষেতো আসলে ঢাকায় ফিরে যাওয়ার তাড়া থাকে। একটু সময় নিয়ে ঘুরতে পারলে ভালো লাগত। আর মিতালীর গান আমি শুনেছি, বেশ ভালো গায় মিতালী। তার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।’ মিতালী দাস বলেন, ‘কী ভীষণ অমায়িক, ভীষণ বিনয়ী-হাস্যোজ্জ্বল একজন শিল্পী লিজা আপু। তার পারফরম্যান্স এককথায় অসাধারণ ছিল। তার গান শুনে আমি ভীষণ মুগ্ধ। আরো বেশি ভালোলাগার ছিল যে, তিনি যে মঞ্চে মুগ্ধতা ছড়িয়েছেন, একই মঞ্চে আমারও গাওয়ার সুযোগ হলো। আমি একজন সত্যিকারের শিল্পীই হওয়ার স্বপ্ন দেখি। আগামীতে শুধু সিলেটে নয়, দেশের আনাচে-কানাচে, দেশের বাইরেও গানে গানে মুগ্ধতা ছড়ানোর স্বপ্ন দেখি।’ এদিকে লিজা আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে এবং ৩১ ডিসেম্বর বগুড়াতে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন। মিতালী দাসের মা ছায়া দাস (যুক্তরাজ্য প্রবাসী কবিতা আলীর প্রিয় বান্ধবী), বাবা সুমন কুমার দাস। তিনি পড়ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে বিবিএ তৃতীয় বর্ষে। বিপ্রদাস ভট্টাচার্যের কাছে অর্ধযুগ ধরে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন। এ ছাড়াও পণ্ডিত বলরাম দাস, রানা সিনহা, হিমাদ্রী বিশ্বাসের কাছেও গানে তালিম নিয়েছেন তিনি। শেষ করেছেন বাংলাদেশ শিশু একাডেমি, শিল্পকলার কোর্সও। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আমার প্রিয় যায়’। এ ছাড়াও আরো বেশ কিছু গান ইউটিউবে প্রকাশিত আছে।