জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থায় ৯০ দিনের মধ্যে নির্বাচন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়াঙ্গনে আসছে ব্যাপক পরিবর্তন। দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় আগামী ৯০ দিনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের জরুরি চিঠি পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই বর্তমান আহ্বায়ক কমিটিগুলো ভেঙে যাবে এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া সংস্থা গঠিত হবে। বর্তমান সাত সদস্যের আহ্বায়ক কমিটিগুলোর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

গঠনতন্ত্র অনুযায়ী, এই আহ্বায়ক কমিটিগুলোর মূল দায়িত্ব হলো নির্ধারিত ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা। ফলে বর্তমান কমিটির সদস্যদের আহ্বায় নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই প্রতিটি জেলা ও বিভাগে অ্যাডহক বা আহ্বায়ক কমিটির বদলে নির্বাচিত পূর্ণাঙ্গ ক্রীড়া সংস্থা কার্যকর হবে। এই নির্বাচনী প্রক্রিয়ার ফলে ক্রিকেট বোর্ডেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বিশিষ্ট কোচ নাজমুল আবেদিন ফাহিমসহ বোর্ডের আটজন পরিচালক বিভিন্ন জেলা বা বিভাগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।