বর্ণবাদ বিতর্কে নিষেধাজ্ঞার কবলে প্রেস্টিয়ান্নি
Printed Edition
ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে বর্ণবাদী মন্তব্যের জেরে সাময়িকভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বেনফিকা তারকা জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা এ নিষেধাজ্ঞা দিয়েছে। ম্যাচ চলাকালীন তিনি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করেন। যদিও প্রেস্টিয়ান্নি অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।
গত ১৭ ফেব্রুয়ারি লিসবনে অনুষ্ঠিত প্রথম লেগে ১-০ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করেন ভিনিসিয়াস। গোলের পর কর্নার ফ্ল্যাগের সামনে নাচের ভঙ্গিতে উদযাপন করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান স্বাগতিক সমর্থক ও কয়েকজন খেলোয়াড়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে। এ সময় প্রেস্টিয়ান্নি ভিনিসিয়াসের মুখোমুখি হয়ে কিছু বলেন, যা নিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অভিযোগ তোলেন- তাকে ‘বানর’ বলে সম্বোধন করা হয়েছে।
মাঠে সাথে সাথেঙ্গ বর্ণবাদবিরোধী প্রোটোকল চালু করা হলেও প্রেস্টিয়ান্নির বিরুদ্ধে তাৎক্ষণিক প্রমাণ না পাওয়ায় খেলা পুনরায় শুরু হয়। কথোপকথনের সময় প্রেস্টিয়ান্নি নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। অন্যদিকে উদযাপনের জন্য ভিনিসিয়াসকে হলুদ কার্ড দেখান রেফারি।
সোমবার দেয়া বিবৃতিতে উয়েফা জানায়, তাদের কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি বৈষম্যমূলক আচরণের অভিযোগ বিবেচনায় নিয়ে এই অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দিয়েছে। চূড়ান্ত তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ফলে আজ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগে প্রেস্টিয়ান্নি খেলতে পারবেন না।
এ ঘটনায় বেনফিকা ক্লাব কর্তৃপক্ষ প্রেস্টিয়ান্নির সমর্থনে বলেছে, যারা দূর থেকে মন্তব্য শোনার কথা বলেছেন তারা ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিলেন। ক্লাবটি উয়েফার তদন্তকে স্বাগত জানিয়ে বলেছে, প্রেস্টিয়ান্নির ব্যাখ্যাতেই তাদের পূর্ণ আস্থা রয়েছে।
রিয়াল শিবিরে অবশ্য ভিন্ন সুর। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়াসের পক্ষে অবস্থান নিয়ে লেখেন, ‘নাচো, ভিনি, কখনো থেমো না।’ একই সাথে তিনি মন্তব্য করেন, এ ধরনের ঘটনায় কঠোর বার্তা দেয়া প্রয়োজন। ঘটনাটি ইউরোপীয় ফুটবলে বর্ণবাদ ইস্যুতে আবারো তীব্র আলোচনার জন্ম দিয়েছে।