বিশ^কাপের মূল পর্বে টাইগ্রেসরা!

Printed Edition
khela-1
জুয়াইরিয়া ফেরদৌস ৪৫ বলে ৫৬ রান

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে উড়ন্ত ফর্মে আছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে টানা ৪ জয়ের পর সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে সবার আগে বিশ্বকাপের মূল পর্বে এক পা দিয়ে রেখেছে টাইগ্রেসরা।

সুপার সিক্স পর্বে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। গ্রুপ ‘এ’ থেকে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই সুপার সিক্সে এসেছিল বাংলাদেশ। একই গ্রুপ থেকে সুপার সিক্সে এসেছে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। গ্রুপের ম্যাচে দুই দলকেই হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ যদি নিজেদের বাকি দুই ম্যাচ হারে, যুক্তরাষ্ট্র তাদের বাকি সব ম্যাচ জেতে, তাতেও কোনো ক্ষতি নেই। নেট রান রেটে এগিয়ে থাকা সেরা চার দল যাবে বিশ্বকাপে। বাংলাদেশের নেট রান রেট +১.১৫০। যুক্তরাষ্ট্রের - ০.৯২৫। ফলে বিশ্বকাপ খেলা একপ্রকার নিশ্চিতই জ্যোতিদের।

গতকাল টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই দিলারা আক্তার খালি হাতে ফিরেন। পরের ওভারেই আউট শারমিন আক্তার সুপ্তা। ১২ রানে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দল। সেই চাপ সামলে দুর্দান্ত দৃঢ়তায় ইনিংস গড়ে তোলে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া খেলেন দায়িত্বশীল এক ইনিংস। ৪৫ বলে তিন চার ও চার ছক্কায় করেন ৫৬ রান। অপর প্রান্তে সোবহানা মোস্তারি ছিলেন আরও আক্রমণাত্মক। ৪২ বলে ৯ চার ও এক ছক্কায় করেন ৫৯ রান। ১৫.৩ ওভারে ১২২ রানে জুটি ভাঙলেও ততক্ষণে ম্যাচ অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে।

শেষ দিকে রিতু মনি ৬ বলে ১৫ রান করে ইনিংসের শেষটুকু রাঙিয়ে দেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬৫ রান। থাইল্যান্ডের থিপাচা পুত্থাওং তিনটি, ফান্নিতা মায়া ও অনিচা কামচোমফুও দুটি করে উইকেট পান।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মারুফা আক্তারের প্রথম বলেই সুয়ানান খিয়াওতো শূন্য রানে এলবিডব্লিউ হন। এর পর নাত্থাকান চান্থাম ও নান্নাপাত কনচারোয়েনকাই দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়েন। চান্থাম ৪১ বলে ৪৬ রান করে থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ স্কোরার। প্রয়োজনীয় রানরেট ক্রমেই বেড়ে যাওয়ায় থাইল্যান্ড ম্যাচে ফিরতে পারেনি। স্বর্ণা আক্তার ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট। রিতু মনি ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। মারুফা আক্তার ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানে থামে থাইল্যান্ডের ইনিংস। ফলে ৩৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জুয়াইরিয়ার কৃতজ্ঞতা

’প্রথমের অনুভূতি সব সময় অনেক স্পেশাল। ব্যাট কথা বলেছে, আর স্বপ্ন ডানা মেলেছে। স্বপ্ন যখন বাস্তবে ধরা দেয়! আলহামদুলিল্লাহ, আজ (গতকাল) আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করলাম। এই জার্সি গায়ে জড়ানোই ছিল বড় স্বপ্ন, দেশের জন্য অবদান রাখতে পেরে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। আমার পরিবার, কোচ এবং যারা সবসময় পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। পথচলা কেবল শুরু, দোয়া করবেন।’