নারী আসনে ভোট

আজ বিএনপি ও জামায়াত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন

Printed Edition

বিশেষ সংবাদদাতা

ক্ষমতাসীন বিএনপির চারজন প্রার্থী মনোনয়নপত্র নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। সংরক্ষিত আসনে বিএনপির মোট প্রার্থী ৩৬ জন। বিরোধী জোটের ১৩টির মধ্যে জামায়াত ৯ জন, এনসিপি ২ জন এবং বাংলাদেশ খেলাফাত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টির একজন করে প্রার্থী দিয়েছে বলে জামায়াতে ইসলামীর মিডিয়া প্রধানের পক্ষ থেকে জানা গেছে। এদিকে সোমবার দ্বিতীয় দিনে জমা দিয়েছেন বিএনপির আন্না মিনজ। আজ মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর নারী প্রার্থীরা একসাথে মনোনয়নপত্র জমা দেবেন বলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান।

এ দিকে, সংরক্ষিত নারী আসনের জন্য গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩১ জন। আর মনোনয়নপত্র জমা দিয়েছেন চার জন। বিএনপির পক্ষ থেকে নেয়া হয়েছে ৪১৭টি, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেয়া হয়েছে। গতকাল সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো: মনির হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ইসিতে মনোনয়নপত্র জমা দেয়ার আর দু’দিন বাকি। ৪৩১ জন তুললেও মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। মনোনয়নপত্র জমা দিয়েছেন- সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি, আশরাফুন নাহার আন্না মিনজ। তিনি বলেন, দলের মনোনয়ন ছাড়া জমা দিলে বাছাইতে তা বাতিল হবে। আর স্বতন্ত্র আসনের জন্য একজন নারী প্রার্থী পাবেন। তাদের ছয়জনের স্বাক্ষরসহ ওই নারী প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে হবে। তা না হলে মনোনয়নপত্র গৃহীত হবে না।

জামায়াতের নারী প্রার্থীদের ব্যাপারে জানতে চাইলে দলের মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জোটের মধ্যে জামায়াত ৯ জন, এনসিপির ২ জন এবং বাংলাদেশ খেলাফাত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টির একজন করে প্রার্থী থাকবে। মঙ্গলবার সকালে এই মনোনয়নপত্র জমা দেয়া হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।