মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ : আহত ৬

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ছয়জন। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার মোস্তফাপুরে চলে এই সংঘর্ষ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফাপুরের ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের সাথে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। এরই জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চার দিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। ব্যাপক ভাঙচুর করে শাহীন হাওলাদারের মোবাইলের দোকান, রাকিবুল ইসলামের ঢাকা বিরিয়ানীর দোকানসহ বেশ কয়েকটি দোকানে লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত হয় অন্তত ছয়জন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।