চার জেলায় নিহত ৪

নয়া দিগন্ত ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের চার জেলায় চারজন নিহত হয়েছেন।

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুুরের দেওয়ানগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু হাশেম (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের খড়মা ভাটিপাড়া গ্রামের মৃত সিপার উদ্দিনের ছেলে। নিহত হাশেম দুই ছেলে ও এক মেয়ের জনক। রোববার দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনিকল মার্কেটে প্রধান সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সস্ত্রীক গুরুতর আহত হলে প্রথমে তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে উভয়কে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টায় আবু হাশেম মারা যান।

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আশরাফুল হক (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রতনপুর নামক স্থানে পৌঁছলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহত আশরাফুল হক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গাড়াউক গ্রামের ফজলুল হকের ছেলে।

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চালক আহত হয়েছে।

সোমবার কটিয়াদী-বেতাল রোডের হ্যালিপ্যাড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নসিমনে থাকা হাসান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামের রমজানের ছেলে। নসমিনে থাকা চালক সিয়াম (১৮) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, বেতাল থেকে দ্রুতগামী নসিমন গাড়িটি কটিয়াদী আসার পথে তেঁতুল তলা সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে হঠাৎ ব্রেক করলে উল্টে যায়। এ সময় নসিমনের পেছনে বসা হাসান ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়। চালক সিয়ামকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরো চারজন আহত হয়েছেন। সোমবার মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ধন রঞ্জন দে (৬০) উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সত্য রঞ্জন দের ছেলে। তিনি চৌমুহনী চৌরাস্তা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় জেলা শহর মাইজদী যাওয়ার পথে চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় সিএনজি আরোহী ধন রঞ্জনসহ পাঁচজন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ধন রঞ্জনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।