জামায়াতের মশক নিধন কর্মসূচির উদ্বোধন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জামায়াতের উদ্যোগে রাজধানীর উত্তরায় সামাজিক দায়বদ্ধতা ও জনদুর্ভোগ লাঘবে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের সামনে থেকে এ কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা-পূর্বাঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে মশা নিধনে কার্যকর উদ্যোগ নেয়া হবে- এমন প্রত্যাশা ছিল। কিন্তু নগরবাসী এখনো মশার উপদ্রবে ভোগান্তিতে রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’ তিনি আরো বলেন, অতি দ্রুত সিটি করপোরেশন নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নগরসেবা নিশ্চিত করা প্রয়োজন। এতে জনগণের প্রত্যাশা পূরণ ও নাগরিক সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে।
উদ্বোধনের পর হাসপাতালের সামনের এলাকা থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও রমজান মাসে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।