অপারেশন ডেভিল হান্ট

রাজধানীতে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৯৮

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর, মিরপুর, যাত্রাবাড়ী, দারুসসালাম ও রূপনগর থানা পুলিশ। গতকাল শনিবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, শুক্রবার শেরেবাংলা নগর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করে। এ ছাড়াও মিরপুর মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৫০০ গ্রাম গাঁজা ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিএমপি আরো জানায়, একই দিনে যাত্রাবাড়ী থানা পুলিশ সেই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তা ছাড়া দারুসসালাম থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করে। অন্য দিকে গতকাল শনিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আইনিপ্রক্রিয়া শেষ করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় ডিএমপি।

এ দিকে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় শুক্রবার রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেনাবাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দু’টি ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, রায়েরবাজার এলাকায় একটি অপরাধী চক্র ছিনতাই ও চাঁদাবাজির সাথে সক্রিয়ভাবে জড়িত বলে জানা যায়। পরে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং প্রথম পর্যায়ে ইকবাল হোসেন ও মিঠুন মির্দা নামের দুই অপরাধীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতরা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের লাউতলা থেকে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো: আলী, নূরনবী ইসলাম, মো: সুমন, মো: রাব্বি ও মো: শাকিল। এ সময় তাদের কাছ থেকে দু’টি সামুরাই উদ্ধার করা হয়।