নিরাপত্তা ইস্যুতে ভোটাভুটি কেন হবে : ফারুক
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ চেয়েছিল কেবল নিরাপত্তার নিশ্চয়তা-এর বেশি কিছু নয়। অথচ সেই ন্যূনতম বিষয়টি দিতেই ব্যর্থ হয়েছে ভারত। বিস্ময়ের বিষয়, নিরাপত্তা নিয়ে বাংলাদেশের একাধিক চিঠি ও আনুষ্ঠানিক অনুরোধের পরও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে কোনো ধরনের আপগ্রেড, লিখিত গ্যারান্টি কিংবা স্পষ্ট বার্তা দেয়া হয়নি। এই নীরবতাই প্রমাণ করে, বিষয়টি তাদের কাছে গুরুত্ব পায়নি।
এর চেয়েও প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়েছে আইসিসি। আইসিসি তো কোনো রাষ্ট্র নয়, কোনো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দেয়ার ক্ষমতাও তাদের নেই। তাহলে তারা কোন অধিকারে নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুতে ভোটাভুটি আয়োজন করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়? বিসিবি সাবেক সভাপতি, বর্তমান পরিচালক ফারুক আহমেদ যথার্থই বলেছেন-যারা বাস্তবে নিরাপত্তা দেয়ার দায়িত্বে, তারা কিছুই বলেনি; বরং কথা বলেছে ভোট দেয়া সদস্যরা। এটা শুধু অযৌক্তিক নয়, এটা চরম দায়িত্বজ্ঞানহীনতা।
নিরাপত্তা কোনো রাজনীতির বিষয় নয়, কোনো কূটনৈতিক খেলার তাসও নয়। এটি খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের জীবনের প্রশ্ন। সেই প্রশ্নে ভারত নিশ্চুপ থেকেছে, আইসিসি আমলাতান্ত্রিক নাটক করেছে। ফলাফল, বাংলাদেশকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়া। ক্রিকেটের নামে এ ধরনের অবজ্ঞা ও চাপ প্রয়োগ শুধু খেলাধুলার চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে না, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের নৈতিকতাকেও নগ্ন করে দেয়।