বিকেএসপির লিজেন্ডারিদের নাম উন্মোচন
Printed Edition
সাভার (ঢাকা) সংবাদদাতা
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়ের নাম প্রকাশ ও সম্মাননা দিয়েছেন। ৩৯ বছরের গৌরবময় ইতিহাসে যারা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন, সেইসব খেলোয়াড়ের জন্য গতকাল ছিল এক বিশেষ আয়োজন। অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম। এ সময় মহাপরিচালক ৫০ জন লিজেন্ডারি খেলোয়াড়দের চিহ্নিত করে নাম ফলকে উন্মোচন করতে পেরে আনন্দ প্রকাশ করেন।
দেশের ক্রিকেট, ফুটবল, আরচ্যারি, শুটিং, অ্যাথলেটিকস, হকি ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীদের নাম ‘বিকেএসপি লিজেন্ডস’ তালিকায় অন্তর্ভুক্ত করে তা উন্মোচন করা হয়। তারা হলেন- ক্রিকেটে এ এম নাইমুর রহমান দূর্জয়, মুশফিকুর রহীম, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, মুমিনুল হক সৌরভ, লিটন দাস ও মারুফা আক্তার। ফুটবলে মো: মাসুদ রানা, হাসান আল মামুন, মো: মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, মো: জাহিদ হাসান এমিলি, মো: জাহিদ হোসেন, মো: মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আখি খাতুন, মো: রহমত মিয়া, ঋতুপর্না চাকমা, আফঈদা খন্দকার ও শেখ মোরসালিন। আরচ্যারিতে মো: হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকি, আব্দুর রহমান আলিফ ও মো: সাগর ইসলাম। অ্যাথলেটিকসে বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুঁই, মেজবাহ আহমেদ, মো: জহির রায়হান ও শিরিন আক্তার। হকিতে আ ন ম মামুন-উর রশীদ, মোহাম্মদ আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মো: মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মো: মামুনুর রহমান চয়ন। শ্যুটিংয়ে আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও আব্দুল্লাহ হেল বাকি। সাঁতারে কারার মিজানুর রহমান, মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহফুজা খাতুন শিলা। বাস্কেটবলে মিঠুন কুমার, মো: সামসুজ্জামান খান ও মো: খালেদ মাহমুদ আকাশ। বক্সিংয়ে মো: আব্দুর রহিম। টেনিসে এস, কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।