লেবাননের ওপর নতুন করে ইসরাইলি হামলা
Printed Edition
লেবাননের দক্ষিণাঞ্চলের দু’টি শহরে আঘাত হেনেছে ইসরাইলি গোলা। সীমান্তসংলগ্ন আরো তিনটি শহরে হামলা চালিয়েছে তেল আবিবের বিমান। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। লেবানন থেকে রকেট ছোড়ার পর এই পাল্টা হামলা বলে দাবি ইসরাইলের।
লেবানন থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করার পর দেশটিতে পাল্টা গোলাবর্ষণ ও বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইল। এই পাল্টাপাল্টি হামলা তেল আবিব ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস আগে হওয়া যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলে দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়, তার পর শনিবারই প্রথম এই সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। ইসরাইলের সেনাবাহিনী বলছে, তারা সীমান্তের ৬ কিলোমিটার উত্তরে অবস্থিত লেবাননের একটি জেলা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে। এর প্রতিক্রিয়ায় সেনাবাহিনী গোলা ছুড়েছে বলে দাবি করেছে ইসরাইলের সেনা রেডিও। ইসরাইলি গোলা লেবাননের দক্ষিণাঞ্চলের দু’টি শহরে আঘাত হেনেছে এবং লেবাননের সীমান্তসংলগ্ন আরো তিনটি শহরে হামলা চালিয়েছে তেল আবিবের বিমান। এ খবর জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। সীমান্তের ওপার থেকে রকেট ছোড়ার জন্য কারা দায়ী, তা বলেনি ইসরাইল। রয়টার্স এ প্রসঙ্গে হিজবুল্লাহর মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।
দু’পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কোনো অস্ত্র থাকবে না, ইসরাইল সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেবে এবং ওই এলাকায় লেবাননের সরকারি বাহিনী মোতায়েন থাকবে এমন শর্ত ছিল। চুক্তিতে দক্ষিণ লেবাননের সব সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া এবং সব অবৈধ অস্ত্র জব্দের ভারও লেবাননের সরকারের হাতে দেয়া হয়েছে।
শনিবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, সীমান্ত শহর মেটুলাতে রকেট ছোড়ার ঘটনার দায়ভার লেবাননের সরকারের ওপর বর্তায়।
এ দিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে একটি বিবৃতি প্রকাশ করেছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ ও শান্তির বিষয়ে লেবানন যে সিদ্ধান্ত নেয় তা দেখানোর জন্য সব নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, হামলার ফলে ‘একটি নতুন যুদ্ধের দিকে ধাবিত হওয়ার ঝুঁকি রয়েছে, যা লেবানন এবং লেবাননের জনগণের জন্য দুর্দশা ডেকে আনতে পারে’।
ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করছে। তবে এসব সংঘাতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও এখন পর্যন্ত ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এ দিকে ইসরাইলে ফের হাউছি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইসরাইলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। ওই হামলার দায় স্বীকার করেছে হাউছি বিদ্রোহীরা। গতকাল শনিবার ভোরে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হাউছি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা তেলআবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তিনি জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় এ নিয়ে তৃতীয় বারের মতো হামলা চালানো হলো। সারি আরো বলেন, হাউছিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর একাধিক হামলা চালিয়েছে।