মাদারগঞ্জে ৪০ বছর ইমামতি শেষে ব্যতিক্রমী বিদায়

Printed Edition

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী বাইতুর রব জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুর ইসলাম দীর্ঘ ৪০ বছর নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সাথে ইমামতির দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন। বয়সজনিত কারণে তিনি ইমামতির পেশা থেকে অবসর গ্রহণ করেন।

দীর্ঘ দিনের এই নিরলস খেদমতের স্বীকৃতি হিসেবে মসজিদ কমিটির উদ্যোগে তাকে ব্যতিক্রমী ও সম্মানজনক বিদায় দেয়া হয়। বিদায়ের দিনে মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোখলেছুর রহমান সোনার ব্যক্তিগত উদ্যোগে ইমাম মাওলানা আমিনুর ইসলামকে ছাদখোলা গাড়িতে করে সম্মান জানিয়ে বিদায় দেয়া হয়।

এ সময় উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানায়। এলাকাবাসী জানান, মাওলানা আমিনুর ইসলাম তার দায়িত্ব পালনকালে ধর্মীয় শিক্ষা প্রচার ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।