আমিরাতে নিহত প্রবাসীর লাশ সিলেটে পৌঁছেছে, গ্রহণ করলেন মন্ত্রী
Printed Edition
সিলেট ব্যুরো
ইরান-ইসরাইল যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী সালেখ ওরফে আহম্মেদ আলীর লাশ সিলেটে পৌঁছেছে। তাকে বহনকারী বিমান গতকাল দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
লাশ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, চলমান যুদ্ধে এ পর্যন্ত চারজন বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে আহম্মেদ আলীর লাশ দেশে পৌঁছেছে। বাকি তিন প্রবাসীর লাশও বিদেশে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে দেশে আনা হবে।
মন্ত্রী বলেন, যুদ্ধ শুরু হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ক্রাইসিস টিম গঠন করা হয়েছে। এই টিমের মাধ্যমে যুদ্ধের কারণে যারা ঘর থেকে বের হতে পারছেন না তাদের খাদ্যসহায়তা এবং আহতদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির আশপাশে অবস্থানরত প্রবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রবাসীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের সঙ্কট মোকাবেলায় সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি বিবেচনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রবাসীদের জন্য যা যা করা প্রয়োজন সরকার তা করবে। এ সময় তিনি জানান, লেবাননেও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহত আহম্মেদ আলীর স্বজন কামাল আহমেদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার ভাই ২৭ বছর ধরে প্রবাসে বসবাস করছিলেন। আমি মনে করি, তিনি এ দেশের একজন শ্রেষ্ঠ প্রবাসী। আমার ভাই যুদ্ধে নিহত হওয়ার পর থেকে লাশ দেশে আনা পর্যন্ত প্রধানমন্ত্রী যে সহযোগিতা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রীও আমার ভাই নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকে নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং লাশ দেশে আনার েেত্র সর্বাত্মক সহযোগিতা করেছেন।
লাশ গ্রহণের সময় বিমানবন্দরে নিহতের ছেলে আব্দুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া, সিলেট বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো: মুশফেকুর রহমান, এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এবং জেলা প্রশাসক মো: সারওয়ার আলম উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী নিহত প্রবাসী আহম্মেদ আলীর লাশ নিয়ে মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের গাজিটেকা গ্রামে তার বাড়িতে যান।