সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি পেতে লন্ডনকে ট্রাম্পের চাপ
Printed Edition
আলজাজিরা
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান জোরদারে ব্রিটেনের নিয়ন্ত্রণাধীন কৌশলগত সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ পেতে নতুন ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করছে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন। জানা গেছে, ওয়াশিংটন দেশটির শীর্ষ দু’টি ঘাঁটিতে নিজেদের অবস্থান ও ব্যবহার অব্যাহত রাখতে মরিয়া।
ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্ষমতা গ্রহণের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাথে ফোনালাপ করেন। ওই সংলাপে ট্রাম্প ব্রিটিশ বিমানবাহিনীর ‘আরএএফ ফেয়ারফোর্ড’ এবং ভারত মহাসাগরে অবস্থিত কৌশলগত ‘দিয়েগো গার্সিয়া’ ঘাঁটি থেকে মার্কিন বাহিনীর সামরিক কার্যক্রম ও বিমান পরিচালনার অনুমতি বজায় রাখার অনুরোধ উত্থাপন করেন। উল্লেখ্য, পূর্ববর্তী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার শুরুতে দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করে মার্কিন ‘বি-টু’ বোমারু বিমান হামলার অনুমতি দিতে অনীহা দেখিয়েছিল। পরবর্তীতে অবস্থান পরিবর্তন করে কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং ইরানের সামরিক শক্তি হ্রাস করার নির্দিষ্ট শর্তে মার্কিন বাহিনীকে ওই ঘাঁটি ব্যবহারের অনুমোদন দেয় ব্রিটেন।