হল থেকে শিক্ষার্থীদের বের করে দিলেন শিক্ষকরা

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের টেনেহিঁচড়ে পরীক্ষার হল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকদের বিরুদ্ধে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করলে শিক্ষকরা তাদের বের করে দেন। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। খবর পেয়ে বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বজল মোল্লা বিদ্যালয়ে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের আবার হলে প্রবেশ করিয়ে পরীক্ষা শুরু করার নির্দেশ দেন।

অভিভাবকরা অভিযোগ করেন, সহকারী শিক্ষক অসিম, মঞ্জুয়ারা, রাজলক্ষ্মী কুণ্ডু, ভারতীয় সাহা, লিটন কর, স্বপনসহ কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের জোর করে হলে ঢুকতে দেননি এবং টেনেহিঁচড়ে বের করে দেন। এতে ছোট শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

ইউএনও স্বজল মোল্লা বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যাই। শিক্ষকরা ভুল করেছেন। নির্দেশ দেয়ার পর তারা পুনরায় পরীক্ষা নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, সহকারী শিক্ষকরা তিন দফা দাবির ‘কমপ্লিট লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হলে ঢুকতে দেননি। পরে ইউএনও ও শিক্ষা কর্মকর্তাদের মধ্যস্থতায় তারাই আবার পরীক্ষা গ্রহণ করেন।

অভিভাবক আব্দুস শহীদ বলেন, শিক্ষকদের আচরণে বাচ্চারা ভয় পেয়ে যায়। পরীক্ষার হলে এভাবে টেনে বের করা মেনে নেয়ার মতো নয়। উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ইউএনও ও সহকারী কমিশনারসহ (ভূমি) বিদ্যালয়ে উপস্থিত হন। নির্দেশ দেয়ার পর শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে এনে পুনরায় পরীক্ষা নেন। বিষয়টি তিনি উচ্চ পর্যায়ে জানিয়েছেন।