ফেব্রুয়ারির নির্বাচনের ওপর নির্ভর করছে অর্থনীতির গতি পুনরুদ্ধার
জিইডি আউটলুক
Printed Edition
বিশেষ সংবাদদাতা
দেশের অর্থনৈতিক গতি ফিরে আসা আগামী নির্বাচনের ওপর অনেকাংশে নির্ভর করছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন যদি একটি স্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশনা দিতে পারে এবং এর পাশাপাশি আগামী সরকার যদি সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যায়, বিশেষ করে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, ব্যাংক খাতের স্থিতিশীলতা, জ্বালানি ও রাজস্ব খাতের স্থিতিশীলতা যদি রক্ষা করতে পারে তবে বাংলাদেশের অর্থনৈতিক গতি আবারো পুনরুদ্ধার হতে পারে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের মাসিক আউটলুকের ডিসেম্বর সংখ্যায় গতকাল সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আউটলুকে বলা হয়েছে, বাংলাদেশ যখন ২০২৬ সালে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগিয়ে চলেছে তখন দেশের অর্থনৈতিক চিত্র নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করা যায়। এক দিকে, প্রবৃদ্ধি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৫ শতাংশ হতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি পিছনে রেমিট্যান্স ও রফতানি, বিশেষ করে তৈরি পোশাক রফতানি গুরুত্বপূর্ণ পালন করছে। অন্য দিকে, নিরবচ্ছিন্ন মূল্যস্ফীতি, দুর্বল ব্যবসায়িক আস্থা এবং ভঙ্গুর ব্যাংকিংখাত অভ্যন্তরীণ চাহিদা ও বেসরকারি বিনিয়োগকে সীমিত করে দিতে পারে।
আউটলুকে বলা হয়, অনেক বিনিয়োগকারী ও উদ্যোক্তা নতুন বিনিয়োগ করার আগে স্থিতিশীলতা ফিরে আসার জন্য ‘অপেক্ষা’ করে আছে।
তবে আউটলুকে সতর্ক করে বলা হয়েছে, নির্বাচনকেন্দ্রিক অতিরিক্ত খরচ এবং রাজনৈতিক বিঘœতা মূল্যস্ফীতি ও মুদ্রাবাজারের ওপর প্রভাব ফেলতে পারে। এতে করে মূল্য স্থিতিশীলতা ও বিনিয়োগ আকর্ষণ জটিল হয়ে যেতে পারে।
আউটলুকের উল্লেখযোগ্য অংশে বলা হয়, খাদ্য দাম কমে যাওয়ার কারণে মূল্যস্ফীতি সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। আমানত প্রবৃদ্ধি তেজি হলেও ঋণদান স্থবির অবস্থায় রয়েছে। বাৎসরিক হিসেবে রাজস্ব আদায় ভালো হলে এখন তা টার্গেট থেকে পিছিয়ে রয়েছে।
মূল্যস্ফীতি কমছে : আউটলুকে উল্লেখ করা হয়, ধীরগতিতে হলেও অভ্যন্তরীণ জোগানের স্থিতিশীলতা ও আমদানিকৃত পণ্য সামগ্রীর চাপ কম থাকার কারণে মূল্যস্ফীতি কিছু কমেছে। যেমন ২০২৪ সালে অক্টোবরে মূল্যস্ফীতি যেখানে ছিল ১০.৮৭ শতাংশ, সেখানে চলতি ২০২৫ সালে অক্টোবরে মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ১৭ শতাংশ। মূল্যস্ফীতি সবচেয়ে বেশি ভূমিকা রাখছে চাল ও মাছের দামে। অন্য দিকে, শাকসবজির দাম মূল্যস্ফীতি কমার ক্ষেত্রে ভূমিকা রাখছে।