সংরক্ষিত নারী আসন

এমপি হিসেবে মাহাবুবা শিখাকে চান ঝিনাইদহবাসী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনের বিএনপির এমপি প্রার্থী হিসেবে মাহাবুবা রহমান শিখা এখন আলোচনায় রয়েছেন। তিনি ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম মসিউর রহমানের সহধর্মিণী। এলাকাবাসীও চান, তিনি বিএনপি থেকে মনোনয়ন পাক। ঝিনাইদহ থেকে বারবার নির্বাচিত এমপি মশিউর রহমান কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করলেও এ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ পরাজিত হওয়ায় চরম হতাশায় ভুগছেন দলীয় নেতাকর্মীরা। ঠিক এমনই পরিস্থিতিতে ঝিনাইদহ জেলাজুড়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে বিএনপির হয়ে দলকে সংগঠিত রাখতে আলোচনায় রয়েছেন আয়কর আইনজীবী মাহাবুবা রহমান শিখা। তিনি দলের নানা প্রতিকূল সময়ে দলের হাল ধরেছেন। জেলা বিএনপি নেতাকর্মীদের পাশে থেকে দলকে সুসংগঠিত রেখেছেন। তিনি বিভিন্ন সময়ে নানা দায়িত্ব পালন করে দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বর্তমান সভাপতি। এ ছাড়া ইতঃপূর্বে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-ঝিনাইদহের সদস্য, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা-ঝিনাইদহের সহ-সভাপতি হিসেবে এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়রা বলছেন, ১/১১ থেকে হাসিনার পতনের আগ পর্যন্ত মসিউর রহমানের পরিবার ঝিনাইদহের সবচেয়ে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝিনাইদহের সর্বাধিক সংখ্যক মামলা এই পরিবারের বিরুদ্ধে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাবরণ করেছেন। ৬০টি মিথ্যা রাজনৈতিক মামলা মাথায় নিয়ে মারা যান মসিউর রহমান।

বিএনপির বর্ষীয়ান নেতা জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মণ্ডল বলেন, ঝিনাইদহ জেলার উন্নয়ন করতে হলে শিক্ষিত, অভিজ্ঞ ও যোগ্য মানুষের দরকার। ঝিনাইদহ বিএনপিকে শক্তিশালী করতে হলেও একজন সক্ষম মানুষের প্রয়োজন। এই দু’য়ের বিবেচনায় মাহাবুবা রহমানের বিকল্প নেই।

.