চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে বসতঘর পুড়ে ছাই

Printed Edition

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শাখাওয়াত হোসেন রিপন নামে এক সিএনজিচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের উত্তর পাড়ার ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত রিপন জানান, তার স্ত্রী জেসমিন আক্তার অসুস্থ থাকায় ওই সময় তার মেয়ে, এসএসসি পরীক্ষার্থী হাফসা আক্তার রান্না করছিল। গ্যাস সিলিন্ডারের রেগুলেটর সঠিকভাবে সংযুক্ত না থাকায় লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হলেও আগুনে সবকিছু পুড়ে যায়।

তিনি আরো জানান, ঘরে স্ত্রীর চিকিৎসার জন্য রাখা নগদ এক লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় আট লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে পরিবারটি পাশের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। স্থানীয়রা জানান, এই অগ্নিকাণ্ডে রিপনের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রতিবেশী ইকবাল হোসেন মজুমদার বলেন, রিপনের স্ত্রী দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত। তার চিকিৎসার জন্য নিজের সিএনজি বিক্রি করে বর্তমানে অন্যের গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তিনি চরম বিপাকে পড়েছেন।