আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ডা: লিটন
Printed Edition
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে পারবেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: মাহাবুবুর রহমান লিটন। ময়মনসিংহে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তিনি।
গত শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এর আগে গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। এর বিরুদ্ধে ডা: মাহাবুবুর রহমান লিটন গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল জমা দেন।
আপিল নিষ্পত্তির পর আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে ডা: লিটন বলেন, আশা করা যায় এবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নিজেদের ইচ্ছায় জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি এ নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।