লক্ষ্মীপুরে শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা

Printed Edition

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মাত্র ৮০০ টাকা চুরির অভিযোগে দুই শিশুকে হাত বেঁধে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক মুদিদোকানির বিরুদ্ধে। নির্যাতনের একপর্যায়ে এক শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেয়া হয়। গত বৃহস্পতিবার রাতে শহরের দক্ষিণ তেমুহানী মার্কাজ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুদের মধ্যে একজন সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার মুজাহিদ হোসেন (৯)। অন্যজন ভবানীগঞ্জের জিহান হোসেন (১২)। মুজাহিদ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং জিহান মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানি মনির হোসেনের ক্যাশ থেকে ৮০০ টাকা চুরির সন্দেহে ওই দুই শিশুকে ধরে ফেলা হয়। এরপর সবার সামনে হাত বেঁধে শুরু হয় অমানুষিক নির্যাতন। একপর্যায়ে জিহানের মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেন মনির। পরে শিশুদের স্বজনদের ডেকে সাদা কাগজে স্বাক্ষর রেখে তাদের ছেড়ে দেয়া হয়। স্বজনরা রাত ১১টার দিকে আহত শিশুদের হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: জহিরুল ইসলাম বলেন, দুই শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে এক শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকার স্পষ্ট ক্ষত দেখা গেছে।

অভিযুক্ত মনির হোসেন নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, চুরির কথা স্বীকার করায় আমি শুধু থাপ্পড় দিয়েছি, ছ্যাঁকা দেয়ার বিষয় জানি না। লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। নির্যাতনের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।