দিনাজপুরে অপহরণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৫ জন জেলে

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

ডিবি পরিচয়ে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত বুধবার আশিদুল হক (৩৭) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তারা আশিদুলের পরিবারের সাথে যোগাযোগ করে মুক্তিপণের জন্য টাকা দাবি করে।

দিনাজপুর ডিবি পুলিশকে বিষয়টি জানানো হলে, তারা অভিযান চালিয়ে আশিদুলকে উদ্ধার করে। এই ঘটনার সাথে জড়িত স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। আটকব্যক্তিরা হলেন- ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পূর্ব গৌরীপাড়া এলাকার মাজেদুল ইসলাম মিঠু (৩৬), উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের সাজু মিয়া (২৮), কড়াই গ্রামের তুহিন রেজা (৩০), আমড়া গ্রামের জুলফিকার আলী (৩০) ও চৌকিয়াপাড়া গ্রামের মোছাদ্দেক হোসেন (৩৫)।

ফুলবাড়ী থানার ওসি শাহ মো: আব্দুল লাতিফ জানান, আটককৃতদের কাছ থেকে দু’টি মোটরসাইকেল এবং সাড়ে পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।