আরো ১২২৯ শিশু হামে আক্রান্ত, সারা দেশে মৃত্যু ৫
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আরো এক হাজার ২২৯ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায়। হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে তবে সরকারিভাবে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত দেশে ১৮৯০শিশুর মৃত্যু হয়েছে।
এ দিকে সরকারিভাবে গত ১৫ মার্চ থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত ১৯০ শিশু সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে বলে বলা হলেও ৩৮ শিশুর মৃত্যুকে নিশ্চিত করা হয়েছে। সারা দেশে এক হাজার ২২৯ শিশুকে সন্দেহজনক হাম রোগী বললেও এদের মধ্যে সবচেয়ে বেশি ছিল ঢাকা বিভাগে ৫৬২ শিশু। তবে ঢাকাতে বেশি হওয়ার কারণ বাইরে থেকেও শিশুদের রাজধানীতে নিয়ে আসা হয় এখানে সবচেয়ে ভালো চিকিৎসা হয় বলে। ঢাকা বিভাগ ছাড়া সবচেয়ে বেশি ছিল চট্টগ্রাম বিভাগে ১৯৬। আর রাজশাহী বিভাগে ছিল ১৯৩, বরিশালে ১১২, খুলনায় ৬৭, সিলেটে ৪৭, রংপুরে ৪১ এবং ময়মনসিংহে ১১ শিশু।
এ দিকে হামে মৃত্যুর সংখ্যা একটা পর্যায়ে থাকলেও মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। হামের মতো উপসর্গ থাকলেই অভিভাবকরা হাসপাতালে নিয়ে আসছে শিশুদের। তবে হামে আক্রান্ত হয়েছে নিশ্চিত হলেও সব শিশুকে হাসপাতালে ভর্তি করা হয় না। প্রাথমিক চিকিৎসা পাঠিয়ে দেয়ার ঘটনাও ঘটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল পর্যন্ত সারা দেশে ১৭ হাজার ৯৯৮ শিশুকে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৪ হাজার ৮৯২ শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে চিকিৎসার পর।