‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ান অ্যান্ড ফ্যাব্রিক শো’ এবং ‘৮ম ডেনিম শো’ শুরু

Printed Edition

বস্ত্র ও পোশাক শিল্পের বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত করতে এবং দেশীয় উদ্যোক্তাদের সাথে আন্তর্জাতিক সরবরাহকারীদের সেতুবন্ধ তৈরিতে গতকাল থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬- উইন্টার এডিশন’ এবং ‘৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬’।

বুধবার বেলা ১১:৪৫ টায় রাজধানীর কুড়িল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৩ নম্বর হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদর্শনীদ্বয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেমস-গ্লোবাল ইউএসএ এবং সিসিপিআইটি-টেক্স চায়না যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের কমার্শিয়াল কনস্যুলেট সং ইয়াং, বস্ত্র অধিদফতরের অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক আরিফুর রহমান খান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফিরোজ উদ্দিন এবং বিজিএমইএ-র পরিচালক নাফিস-উদ-দৌলা। আয়োজকদের পক্ষে বক্তব্য প্রদান করেন সিসিপিআইটি-টেক্স চায়নার সেক্রেটারি জেনারেল চেন বো।

পোশাক শিল্পের কাঁচামাল যেমন- সুতা, ফ্যাব্রিক, ট্রিমস ও ডেনিম সংশ্লিষ্ট এই আন্তর্জাতিক আসরে ১৫টিরও বেশি দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশ নিয়েছে। প্রদর্শনীতে মোট ৬৫০টিরও বেশি বুথ রয়েছে। মেহেরুন এন. ইসলাম তার বক্তব্যে বলেন, ‘এই প্রদর্শনী ক্রেতা ও সরবরাহকারীদের জন্য একটি কার্যকর ব্যবসায়িক মিলনমেলা, যা বাংলাদেশের তৈরী পোশাক রফতানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।’

সেমস-গ্লোবাল ইউএসএ ১৯৯২ সাল থেকে বিশ্বের তিনটি মহাদেশে টেক্সটাইলসহ বিভিন্ন খাতের আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করে আসছে। অন্যদিকে, সিসিপিআইটি-টেক্স চায়না বিশ্বব্যাপী চীনা টেক্সটাইল শিল্পের সাথে বৈশ্বিক ব্যবসায়ীদের নেটওয়ার্কিং স্থাপনে কাজ করে। এ বছর এই দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার ৯ম বর্ষ পূর্ণ হলো।

আইসিসিবির হল ১, ২ এবং ৩-এ চলমান এই প্রদর্শনী আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব ব্যবসায়ী ও সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।