সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে চাই : দেলাওয়ার হোসেন

Printed Edition

ঠাকুরগাঁও প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, বাংলাদেশ সবসময়ই অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে এসেছে। এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ বহুদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে আসছে। আমরা বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধ, এমন একটি সম্প্রীতির বাংলাদেশ বিশ্বে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেলাওয়ার হোসেন বলেন, দেশে সংখ্যালঘু বলে কাউকে আলাদা করার সুযোগ নেই। সবাই সমান অধিকারপ্রাপ্ত নাগরিক। ধর্ম-বর্ণ নিয়ে বিভাজন নয়; বরং পারস্পরিক সম্মান ও ভালোবাসার ভিত্তিতে সবার নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাদের অঙ্গীকার। তিনি বলেন, ইসলাম কখনোই অন্য ধর্মের ওপর জোরজবরদস্তি করে না। জামায়াতে ইসলামীর রাজনীতি ধর্মীয় স্বাধীনতা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে, অতীতেও তাই করেছে, ভবিষ্যতেও করবে।